শুল্ক ফাঁকি দিতে ‘লাল ঘাস’ বলে ভারত থেকে এলো ৮ কোটি টাকার জাফরান
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পিএম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে ‘লাল ঘাস’ নামে ভারত থেকে আমদানি করা বিপুল পরিমাণ জাফরান জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শুল্ক ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে পণ্যটির ভুল ঘোষণা দেওয়া হয়েছিল বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। জব্দ হওয়া জাফরানের বাজার মূল্য প্রায় ৮ কোটি টাকা।
বন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, গত সোমবার (১৩ এপ্রিল) রাজশাহীর বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, ‘রেড গ্রাস’ নামে ঘোষিত পণ্যটি আসলে জাফরান।
তথ্য অনুযায়ী, গত ৪ এপ্রিল ‘তোহা তাসু কর্পোরেশন’ নামে একটি প্রতিষ্ঠান সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ‘লাল ঘাস’ নামে পণ্যটি আমদানি করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাস্টমস কর্তৃপক্ষ অভিযান চালিয়ে পণ্যের নমুনা সংগ্রহ করে। নমুনা পরীক্ষার জন্য রাজশাহীর বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের গবেষণাগারে পাঠানো হলে পরীক্ষায় এটি জাফরান হিসেবে শনাক্ত হয়।
পণ্যটি বন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেড এলাকায় রাখা ছিল এবং এর সিঅ্যান্ডএফ এজেন্ট হিসেবে কাজ করেছে ‘মেসার্স সূচি এন্টারপ্রাইজ’। বর্তমানে দেশে প্রতি কেজি জাফরান ৪ থেকে ৫ লাখ টাকায় বিক্রি হওয়ায় জব্দ করা পণ্যের মোট মূল্য প্রায় ৮ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সাব্বির রহমান জিসান জানান, ‘প্ল্যান্টস অব পার্টস’ শিরোনামের পণ্যের তালিকায় ২০০ কেজি ‘লাল ঘাস’ উল্লেখ ছিল, যা দেখতে জাফরানের মতো হওয়ায় সন্দেহ সৃষ্টি হয়। পরে পরীক্ষাগারে পাঠানো হলে সেটি জাফরান বলে প্রমাণিত হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং আমদানিকারককে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে রাজশাহীর বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের ফল ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং সংরক্ষণ বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, পরীক্ষায় স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে এটি লাল ঘাস নয়, বরং জাফরান। মাইক্রোস্কোপ পরীক্ষাতেও একই ফল পাওয়া গেছে।