বৈশাখী চাঁদার দাবিতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, অভিযোগ মৎস্যজীবী দলের নেতাদের বিরুদ্ধে

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পিএম

ছবি: সংগৃহীত

পটুয়াখালী শহরে পয়লা বৈশাখ উপলক্ষে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে দোকানে হামলা চালিয়ে মারধর ও কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে সদর থানার পাশে জেলা পুলিশের মালিকানাধীন একটি মার্কেটে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর দাবি, স্থানীয় মৎস্যজীবী দলের কয়েকজন নেতা ও তাদের অনুসারীরা এ হামলায় জড়িত।

আহত ব্যবসায়ী খোকন মল্লিক (৪৪) বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি জানান, তিনি পুলিশ ক্লাব মার্কেটের একটি দোকান ভাড়া নিয়ে মুরগির ব্যবসা করেন। জেলা মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল গাজী (৪৫), সদর উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক শামীম (৩৮) ও তাদের সহযোগীরা পয়লা বৈশাখ উদ্‌যাপনের নামে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ফোনেও পুনরায় চাপ দেওয়া হয়।

ভুক্তভোগীর অভিযোগ, মঙ্গলবার দুপুরে দোকানে থাকা অবস্থায় বাবুল গাজী, শামীমসহ ১০ থেকে ১২ জন তার দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় এলোপাতাড়ি মারধরের পাশাপাশি চাপাতি দিয়ে তার হাতে আঘাত করা হয়। তিনি আরও দাবি করেন, এর আগেও ২০২৪ সালের ৫ আগস্ট তার ওষুধের দোকানে হামলা চালানো হয়েছিল এবং বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে ৭ থেকে ৮ লাখ টাকা আদায় করা হয়েছে।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে বাবুল গাজী বলেন, খোকন মল্লিক রাজনৈতিকভাবে প্রতিপক্ষের লোক এবং তিনি বাজারে নিম্নমানের মুরগি বিক্রি করেন। এ নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আহতকে চিকিৎসা নিতে বলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495