‘ধর্ষণে অন্তঃসত্ত্বা শ্যালিকা’, স্ত্রীর সংবাদ সম্মেলনের পর পদ হারালেন ছাত্রদল নেতা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পিএম

ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে বনপাড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। ভুক্তভোগী কিশোরী বর্তমানে তিন মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

রবিবার (১২ এপ্রিল) দুপুরে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আসিফ ইকবাল নতুনের স্বাক্ষরিত এক পত্রে এ বহিষ্কারাদেশ জারি করা হয়।

পত্রে উল্লেখ করা হয়, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বনপাড়া পৌর ছাত্রদলের এক নম্বর যুগ্ম আহ্বায়ক ও প্রাথমিক সদস্য পদ থেকে ইকবাল হোসেনকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে শনিবার (১১ এপ্রিল) রাত ৮টার দিকে পৌর শহরে নিজ বাবার বাড়িতে সংবাদ সম্মেলন করেন ইকবালের স্ত্রী ফারজানা আক্তার অপি। সেখানে তিনি স্বামীসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তারের দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তার বাবা ও পরিবারের অন্যান্য সদস্যরা।

সংবাদ সম্মেলনে অপি অভিযোগ করে বলেন, ২০১৭ সালের মে মাসে পারিবারিকভাবে ইকবালের সঙ্গে তার বিয়ে হয় এবং তাদের পাঁচ বছরের একটি ছেলে রয়েছে। গত এক বছর ধরে ইকবাল বিভিন্ন অজুহাতে তার বাবার বাড়িতে যাতায়াত করতেন। পরে তিনি জানতে পারেন, তার ১৬ বছর বয়সী ছোট বোনকে প্রলোভনে ফেলে সম্পর্ক গড়ে তোলা হয়েছে।

তিনি আরও জানান, সম্প্রতি তার বোন অসুস্থ হয়ে পড়লে বিষয়টি প্রকাশ পায় এবং পরে জানা যায়, সে তিন মাসের অন্তঃসত্ত্বা। জিজ্ঞাসাবাদে ভুক্তভোগী জানায়, দুলাভাইয়ের মাধ্যমে সে ধর্ষণের শিকার হয়েছে।

অপি বলেন, গত ৩ এপ্রিল তার বোন নিখোঁজ হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হলে শুক্রবার বিকেলে পুলিশ তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। পরে ওই দিন রাত সাড়ে ৮টার দিকে ইকবাল ও তার ভাই মাহবুব এসে জোর করে তাকে তুলে নেওয়ার চেষ্টা করে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম জানান, অপহরণ ও ধর্ষণের অভিযোগে ভুক্তভোগীর বাবা থানায় মামলা করেছেন। বিষয়টি নিয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495