পদ ফিরে পেলেন বহিষ্কৃত বিএনপি নেতা সেন্টু মোল্লা
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৭:২২ পিএম
ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নে নির্বাচনী বৈঠকে হিন্দু সম্প্রদায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বহিষ্কৃত হওয়া বিএনপি নেতা সেন্টু মোল্লাকে আবারও তার আগের পদে ফিরিয়ে নেওয়া হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) নবাবগঞ্জ উপজেলা বিএনপির দফতর সম্পাদক খন্দকার মাহমুদ আরশীনের সই করা দলীয় প্যাডে বিষয়টি নিশ্চিত করা হয়।
জানা যায়, যন্ত্রাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক থাকা অবস্থায় সেন্টু মোল্লার একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। পরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়। তবে বহিষ্কারের প্রায় দুই মাস পর আবারও তাকে স্বপদে বহাল করা হয়েছে।
গত ১০ এপ্রিল বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বরাবর লিখিত আবেদন করেন সেন্টু মোল্লা। আবেদনে তিনি নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। এর একদিন পরই (১১ এপ্রিল) তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পুনরায় পদে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।
দফতর সম্পাদক খন্দকার মাহমুদ আরশীন জানান, সেন্টু মোল্লা তার ভুল স্বীকার করায় বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে সুযোগ দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে আর ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি নির্বাচনী উঠান বৈঠকে দেওয়া এক বক্তব্যে সেন্টু মোল্লা হিন্দু ভোটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয় এবং সংখ্যালঘু ভোটারদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরে ৩১ জানুয়ারি তাকে দল থেকে বহিষ্কার করা হয়।