আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১০:৫১ এএম
জরুরি রক্ষণাবেক্ষণ কাজ ও বিদ্যুৎ লাইনের নিরাপত্তা জোরদার করতে আজ শনিবার (১১ এপ্রিল) দেশের কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সিলেটের ওসমানী বিমানবন্দর এলাকা এবং নাটোরের চৌকিরপাড় ফিডারের আওতাধীন বিভিন্ন স্থানে এই লোডশেডিং কার্যকর করা হবে। তবে নির্ধারিত কাজ দ্রুত শেষ হলে সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ জানায়, লাক্কাতুয়রা স্টেডিয়াম উপকেন্দ্রের অধীনে তিনটি ফিডারের এলাকায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।
বিদ্যুৎবিহীন এলাকার মধ্যে রয়েছে— ওসমানী বিমানবন্দর আবাসিক এলাকা, সিলেট ক্লাব, পর্যটন ও এডভেঞ্চার ওয়ার্ল্ড, কাকুয়ারপাড়, ফরিদাবাদ হাউজিং, আবাদানি, বড়শালা বাজারের আংশিক এলাকা, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগঞ্জ, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীররগাঁও, ছালিয়া, রঙ্গটিলা ও সালুটিকর ঘাট।
অন্যদিকে নাটোরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে লাইনের পাশের গাছের ডালপালা ছাঁটাইয়ের উদ্যোগ নিয়েছে নেসকো। এ কারণে চৌকিরপাড় ফিডার এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের উন্নত সেবা নিশ্চিত করতেই এই রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হচ্ছে। সাময়িক এই ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে আগেভাগে প্রয়োজনীয় কাজ সেরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।