শেরপুর-৩ আসনে ধানের শীষের জোয়ার, বিপুল ব্যবধানে জয় রুবেলের
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ পিএম
শেরপুর-৩ (শ্রীবরদী ও ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মাহমুদুল হক রুবেল ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
এর আগে, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি সারাদেশের সঙ্গে এ আসনের নির্বাচন হওয়ার কথা থাকলেও এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল।
নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, সার্বিকভাবে ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তবে কয়েকটি কেন্দ্রে জাল ভোটের অভিযোগে জড়িতদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। এ আসনে মোট ভোটগ্রহণের হার ছিল ৫০ দশমিক ৫২ শতাংশ।