বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০১:১৭ পিএম

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত থাকা শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। একই সঙ্গে বগুড়া-৬ আসনের উপনির্বাচনেও ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কোনো বিরতি ছাড়াই ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ চলবে।

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা, জামায়াতের আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দুইজন বিচারিক ম্যাজিস্ট্রেট ও ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। ভোটগ্রহণে অংশ নিচ্ছেন ২ হাজার ৬৫৫ জন কর্মকর্তা। আইনশৃঙ্খলা নিশ্চিত করতে মোতায়েন রয়েছে ১ হাজার ৩৮২ জন পুলিশ সদস্য, প্রায় ২ হাজার আনসার সদস্য, ৮ প্লাটুন বিজিবি, ১০ প্লাটুন র‍্যাব, সেনাবাহিনী ও ডগ স্কোয়াড।

মোট ১৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৫টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে বিশেষ নিরাপত্তার আওতায় আনা হয়েছে।

অন্যদিকে, শেরপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতের মাসুদুর রহমান এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মাকসবাদী)-এর প্রার্থী মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দুই উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসনে মোট ১২৮টি ভোটকেন্দ্র এবং ৭৫১টি ভোটকক্ষে ভোটগ্রহণ হচ্ছে। এখানে ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ২৭টি কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ, ৩২টি গুরুত্বপূর্ণ এবং ৬৯টি সাধারণ হিসেবে চিহ্নিত।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495