দৌলতদিয়ায় বাসডুবি: ২ জনের মরদেহ উদ্ধার, ১১ জন জীবিত উদ্ধার, বাসে ছিল ৪৫ জন
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৮:২২ পিএম
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাসে প্রাথমিকভাবে অন্তত ৪৫ জন যাত্রী ছিল।
দুর্ঘটনা বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটে ঘটে। স্থানীয় ও ঘাট সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার কুমারখালি থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের বাসটি পন্টুনে ওঠার চেষ্টা করছিল। এই সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর পদ্মায় পড়ে মুহূর্তে তলিয়ে যায়।
জেলার সিভিল সার্জন ডা. এস এম মাসুদ জানান, দুইজনের মরদেহ উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ১১ জন যাত্রী গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ যাত্রীদের বেশিরভাগই ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন।
দৌলতদিয়া ঘাটে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। তবে বাসটি যেখানে পড়েছে, সেখানে পানির গভীরতা বেশি হওয়ায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে। পাশাপাশি ডুবুরি দলও উদ্ধারকাজে অংশ নিচ্ছে।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, দৌলতদিয়া ও পাটুরিয়ার ডুবুরি দল দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করেছে। তবে এখনো বাসটি পানির নিচ থেকে শনাক্ত বা উদ্ধার করা সম্ভব হয়নি।
এদিকে, ঘটনাস্থলে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ, জেলা প্রশাসক সুলতানা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।