ময়মনসিংহে ত্রিমুখী সংঘর্ষে নারীসহ নিহত ২, আহত ৭
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৮:৪৯ পিএম
ময়মনসিংহের ভালুকায় ত্রিমুখী যানবাহন সংঘর্ষে অজ্ঞাত এক নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও সাতজন যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে উপজেলার ক্লাবের বাজার এলাকায় তাফরিদ কটন মিলের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি একই লেনে থাকা একটি অটোরিকশা ও ইজিবাইকের ওপর উঠে গেলে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নারী নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন পুরুষের মৃত্যু হয়।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আতিকুর রহমান জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং দুর্ঘটনাগ্রস্ত বাসটি জব্দ করেছে। তবে বাসচালক ও তার সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।