কুপ্রস্তাব প্রত্যাখ্যান করায় ৯ বছরের শিশুকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ১২:৪২ এএম
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ৯ বছরের এক শিশুকে আগুন দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার দুপুরের দিকে উপজেলার দক্ষিণ রাকুদিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম রাইসা। সে স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
স্বজনদের জানান, রাইসার বাবা কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন। এ সময় ঘরে একাই ছিল সে। হঠাৎ তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে দেখেন, তার শরীরে আগুন জ্বলছে। পরে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সেখানে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রাইসাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
এদিকে অগ্নিদগ্ধ অবস্থায় ধারণ করা একটি ভিডিওতে রাইসাকে বলতে শোনা যায়, ‘সিফাত আমারে খারাপ কাজ করতে কইছে। আমি শুনি নাই দেখে সিফাত আমার গায়ে আগুন দিছে।’
অভিযুক্ত সিফাত (১৫) একই এলাকার জালাল সিকদারের ছেলে বলে জানা গেছে।
নিহত রাইসার বাবা বলেন, ‘আমি আমার মেয়েকে সুস্থ অবস্থায় ঘরে রেখে কাজে গিয়েছিলাম। যারা আমার মেয়েকে পুড়িয়ে মেরেছে, তাদের কঠোর বিচার চাই।’
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. এহতেশামুল ইসলাম জানান, অগ্নিদগ্ধ হয়ে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।