ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার, সাড়ে ৬ লাখ টাকা জব্দ
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১০:০৩ পিএম
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বিশেষ অভিযানে ইয়াবা ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ এনামুল হাওলাদার (৪৮) নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে ৩২৬ পিস ইয়াবা ও ৬ লাখ ৫৯ হাজার টাকা জব্দ করা হয়।
বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার হওয়া এনামুল হাওলাদার ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বলে জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের পরিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এনামুল হাওলাদারকে আটক করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ৩২৬ পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ ৬ লাখ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এনামুল হাওলাদার দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান বলেন, ঘটনাটি দলের জন্য অত্যন্ত লজ্জাজনক। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং অল্প সময়ের মধ্যেই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার হওয়া এনামুল হাওলাদারকে আদালতে সোপর্দ করা হবে।