বরিশালে আবাসিক হোটেলে হানিট্র্যাপ ফাঁদ, নারী সদস্যসহ দুইজন গ্রেপ্তার
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৮:২৭ পিএম
বরিশালে হানিট্র্যাপ চক্রের এক নারী সদস্যসহ দুইজনকে আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে নগরীর গির্জামহল্লা এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, আটকরা হলেন হানিট্র্যাপ চক্রের সদস্য মিলিতা দত্ত ম্যালাইসা ও সান্টু হাওলাদার। তাদের বরিশাল নগরীর গির্জামহল্লা এলাকার আবাসিক হোটেল ইম্পেরিয়াল থেকে আটক করা হয়।
এর আগে হানিট্র্যাপের শিকার হয়ে বরিশাল সদর উপজেলার কড়াপুর ইউনিয়নের বাসিন্দা সিরাজুল ইসলাম খান বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় আটক দুইজন ছাড়াও হোটেলের মালিক ও ব্যবস্থাপকসহ মোট আটজনের নাম উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, একই এলাকার বাসিন্দা আব্দুর রহমানের সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল ভুক্তভোগী সিরাজুল ইসলামের। সেই পরিচয়ের সূত্র ধরে ৭ মার্চ বিকেলে আব্দুর রহমান জরুরি কাজের কথা বলে তাকে গির্জামহল্লা এলাকায় দেখা করতে বলেন।
রাত প্রায় ৯টার দিকে সিরাজুল ইসলাম সেখানে গেলে আব্দুর রহমান তাকে হোটেল ইম্পেরিয়ালের চতুর্থ তলার একটি কক্ষে নিয়ে যান। সেখানে আগে থেকেই হানিট্র্যাপ চক্রের ৮ থেকে ১০ জন সদস্য অবস্থান করছিলেন।
কক্ষের সামনে পৌঁছালে চক্রের নারী সদস্য ম্যালাইসা ও অন্য সদস্যরা তাকে ফাঁদে ফেলে এক তরুণীর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে আপত্তিকর ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম জানান, আটক নারী সদস্যসহ দুইজনকে রোববার বিকেলে আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।