দক্ষিণ কোরিয়ায় মদ্যপ চালকের গাড়ির ধাক্কায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৩:৫০ পিএম
দক্ষিণ কোরিয়ায় মদ্যপ চালকের গাড়ির ধাক্কায় এক বাংলাদেশি শিক্ষার্থীর প্রাণহানি ঘটেছে। নিহত শিক্ষার্থীর নাম হাসিবুর রহমান (২৩)। তিনি শনিবার (২ মে) স্থানীয় সময় মধ্যরাতে এই দুর্ঘটনার শিকার হন।
হাসিবুর রহমান বাংলাদেশের জয়পুরহাট জেলার কালাই উপজেলার মহেশপুর গ্রামের নিজাবুল ইসলাম হিরোর ছেলে। তিনি দক্ষিণ কোরিয়ার জেওনবুক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে হাসিব ইলেকট্রিক স্কুটার চালিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় এক মদ্যপ চালকের বেপরোয়া গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং জরুরি বিভাগে লাইফ সাপোর্টে রাখা হয়। তবে মাথায় গুরুতর আঘাত পাওয়ায় শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়। রোববার সকাল ৮টায় তিনি মৃত্যুবরণ করেন।
হাসিবের বন্ধু মাহমুদুল হাসান জানান, তিনি ২০২৩ সালের ডিসেম্বরে স্টুডেন্ট ভিসায় দক্ষিণ কোরিয়ায় যান। প্রায় চার মাস আগে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
এই হৃদয়বিদারক ঘটনার পর দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোক নেমে এসেছে। সহপাঠী, পরিচিতজন ও প্রবাসীরা তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।