নির্বাচনের দিন গণভোট হলে ‘জেনোসাইড হতে পারে’: জামায়াত আমির
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৮:৫৮ পিএম
জাতীয় সংসদ নির্বাচনের দিন যদি গণভোট হয়, তাতে ‘জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে’ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের প্যারেড গ্রাউন্ডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
এক সাংবাদিক জানতে চাইলে তিনি বলেন, “আমরা নির্বাচনের দিন গণভোটের বিষয়টি ভালোভাবে দেখছি না। আগেই বলেছি, নির্বাচনের দিন গণভোট হলে জেনোসাইডের সম্ভাবনা আছে।”
শফিকুর রহমান এসময় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের বিষয়ে বলেন, “নির্বাচনের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই, তবে আমাদের মিলে এটি তৈরি করতে হবে। এই নির্বাচন হতে হবে, না হলে দেশে সংকট দেখা দেবে। আমরা কোনো সংকট তৈরি হতে দেব না।”
তিনি আরও বলেন, জামায়াত ‘কনভেনশনাল’ কোনো জোট করবে না, তবে বিভিন্ন দল ও শক্তির সঙ্গে নির্বাচনি সমঝোতা করবে। তবে দলের বিজয়ের পরিবর্তে জনগণের বিজয়ই কাম্য। তিনি বলেন, “সকল আসনে জামায়াতের বিজয়ের কোনো বার্তা দেব না। আমি জনগণের বিজয়ের বার্তা দিয়েছি। আমাদের কাজ হচ্ছে জনগণের জন্য কী করা যায়।”
জামায়াত আমির দেশ ও দেশের সম্পদের প্রসঙ্গে বলেন, “বাংলাদেশের মালিক জনগণ। কোনো পরিবার বা বিশেষ দলকে আমরা রাজনীতি ইজারা দিতে চাই না। জনগণের হাতে তাদের অধিকার ফেরত দিতে হবে।”
শফিকুর রহমান হেলিকপ্টারে চট্টগ্রাম নগরীর চকবাজার প্যারেড গ্রাউন্ডে এসে বিকেলে ফিরোজ শাহ বড় মাদ্রাসার ৫০ বছর পূর্তি উপলক্ষে ইসলামি মহাসম্মেলনে যোগ দেন। পরে সন্ধ্যায় জিইসি কনভেনশন হলে নির্বাচনে দলের দায়িত্বশীলদের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।