বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে: সারজিস আলম
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১০:৪৩ পিএম
গণভোট ইস্যুতে বিএনপির কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি অভিযোগ করে বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরও বিএনপি এখন জনগণের সঙ্গে প্রতারণা করছে।
শুক্রবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর ডিগ্রি কলেজ মাঠে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত ‘ঈদ পুনর্মিলনী ও যোগদান’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, বর্তমান সরকারের চার মাসের কর্মকাণ্ডে যে ধরনের প্রতারণা দেখা গেছে, তা বাংলাদেশের মানুষ আগে কল্পনাও করেনি। নির্বাচিত হওয়ার পর জনগণের প্রত্যাশার বিপরীতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে গেলেও এখন গণভোটের বিষয়টি অস্বীকার করা হচ্ছে। এমন অবস্থান জনগণ মেনে নেবে না। নির্বাচিত প্রতিনিধিরা অল্প সময়ের মধ্যেই জনগণের সঙ্গে প্রতারণা শুরু করেছেন বলেও মন্তব্য করেন তিনি।
জাতীয় নাগরিক পার্টির মতলব উত্তর উপজেলা আহ্বায়ক আরিফা তুহিনের সভাপতিত্বে এবং সদস্যসচিব ইমাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব নিজাম উদ্দিন, চাঁদপুর জেলা কমিটির মাহবুবুল আলম, কেন্দ্রীয় যুব নারী শক্তির যুগ্ম আহ্বায়ক ইমরাত জাহান বিন্দু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবুল বাশার, উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী প্রধানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।