দেশে আন্দোলন শুরু হয়ে গেছে: জামায়াত আমির

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পিএম

ছবি: সংগৃহীত

দেশে আন্দোলন শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এই আন্দোলনকে ধীরে ধীরে সফলতার দিকে নিয়ে যেতে হবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক জাতীয় সেমিনারে এসব কথা বলেন তিনি। ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে ১১ দলীয় ঐক্য।

সরকারের দ্বৈত নীতির কঠোর সমালোচনা করে তিনি বলেন, কখনো গণভোটকে হারাম আবার কখনো অর্ধেক হালাল বলা হচ্ছে, যা বিভ্রান্তিকর। সংসদে এই বিষয়ে কথা বলতে গিয়ে তাদের কণ্ঠরোধের চেষ্টা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তবে জনগণের অধিকার রক্ষায় তারা কখনো পিছপা হননি বলেও জানান।

তিনি বলেন, সংসদে যাওয়ার উদ্দেশ্য কোনো সুবিধা নেওয়া নয়, বরং জনগণের অধিকার আদায়ের কথা বলা। প্রয়োজন ছাড়া কোনো সুবিধা গ্রহণ করা হবে না এবং অবৈধ কোনো কর্মকাণ্ডে জড়ানো হবে না বলেও অঙ্গীকার করেন তিনি।

আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, এটি শুধু ছাত্র বা রাজনীতিবিদদের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে যুক্ত হয়েছে। শহীদদের বড় একটি অংশ শ্রমিক বলে উল্লেখ করে তিনি বলেন, তারা কেবল কোটাবিরোধী আন্দোলনে নয়, বরং ফ্যাসিবাদের বিরুদ্ধে পরিবর্তনের প্রত্যাশায় আন্দোলনে নেমেছিলেন।

বর্তমান সংসদকে ‘জুলাই প্রোডাক্ট’ উল্লেখ করে তিনি বলেন, জুলাইয়ের চেতনার কারণেই সরকার ও বিরোধীদল টিকে আছে। এই চেতনার বিরুদ্ধে অবস্থান নিলে সরকার টিকে থাকতে পারবে না বলেও সতর্ক করেন তিনি।

তিনি আরও জানান, জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সঙ্গে বৈঠকে ভবিষ্যৎ আন্দোলনে সক্রিয় থাকার অঙ্গীকার করা হয়েছে। জাতির অধিকার আদায়ের সংগ্রাম যতদিন চলবে, ততদিন তারা সংসদে থাকবেন বলেও জানান।

এই আন্দোলনকে কোনো ক্ষমতার ভাগাভাগির লড়াই নয় উল্লেখ করে তিনি বলেন, এটি জনগণের রায় ও শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানোর আন্দোলন। দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে এই আন্দোলনের পাশে থাকতে হবে।

রাজনীতির দুষ্টচক্র ভাঙার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংসদে ব্যক্তির প্রশংসা নয়, বরং জনগণের সমস্যার সমাধান নিয়েই আলোচনা হওয়া উচিত।

সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, সংসদে আবারও আগের মতো আচরণ ফিরে আসার লক্ষণ দেখা যাচ্ছে। তিনি সতর্ক করে বলেন, এমন মনোভাব থেকে বিরত থাকতে হবে এবং নতুন প্রজন্মের আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখাতে হবে।

সেমিনারে সভাপতিত্ব করেন মাওলানা মামুনুল হক। এছাড়া উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম ও অলি আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495