সংসদ থেকে আবারো বিরোধী দলের ওয়াকআউট
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১০:০৫ পিএম
জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল ঘিরে তীব্র আপত্তি জানিয়ে জাতীয় সংসদ অধিবেশন থেকে আবারও ওয়াকআউট করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধী জোট। বিশেষ কমিটির সুপারিশ অগ্রাহ্য করে বিলে সংশোধনী আনার অভিযোগ তুলে তারা অধিবেশন কক্ষ ত্যাগ করেন।
শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় সংসদ অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বিরোধী দলের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলো নিয়ে গঠিত বিশেষ কমিটি পূর্বে একটি সমঝোতায় পৌঁছেছিল। সেই অনুযায়ী ৯৮টি অধ্যাদেশ হুবহু বিল আকারে সংসদে উপস্থাপন ও পাস হওয়ার কথা ছিল। এর মধ্যে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিলও অন্তর্ভুক্ত ছিল।
তবে বিরোধীদের দাবি, ওই সমঝোতা উপেক্ষা করে বিলটি উত্থাপনের মাত্র আধা ঘণ্টা আগে ৮ নম্বর ধারায় তিনটি সংশোধনী আনা হয় এবং পরে সংশোধিত আকারেই তা পাস করা হয়। এতে বিশেষ কমিটির ঐকমত্য ভঙ্গ হয়েছে বলে অভিযোগ তাদের।
এ ঘটনাকে ‘দিনদুপুরে রাজনৈতিক জোচ্চুরি’ ও ‘প্রতিষ্ঠানকে দলীয়করণের মহোৎসব’ হিসেবে আখ্যায়িত করেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, বিশেষ কমিটির মাধ্যমে যে ঐকমত্য তৈরি হয়েছিল, তা ভেঙে দেওয়া হয়েছে এবং বিরোধী দলের মতামত উপেক্ষা করা হয়েছে।
নাহিদ ইসলাম আরও বলেন, সরকারি দলের সংখ্যাগরিষ্ঠতা থাকায় তারা যেকোনো বিল পাস করতে সক্ষম। তবে যদি বিরোধী দলের মতামত গ্রহণ না করা হয়, তাহলে বিশেষ কমিটি গঠনের প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন ওঠে। এভাবে সংসদ জনস্বার্থ রক্ষা করতে পারবে কি না, সেটিও প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন তিনি।
এর আগে বৃহস্পতিবারও বেশ কয়েকটি গণবিরোধী বিল পাসের অভিযোগ তুলে অধিবেশন থেকে ওয়াকআউট করেছিলেন বিরোধী জোটের সদস্যরা।