স্থানীয় সরকার নির্বাচনে রাজিবপুর সদর প্রভাষক মোখলেছুরকে বেছে নিল জামায়াত
মো. সাব্বির মামুন
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৩:১৩ পিএম
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কুড়িগ্রামের রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) সকালে রাজিবপুর উপজেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থী হিসেবে রাজিবপুর উপজেলা যুব বিভাগের সভাপতি প্রভাষক মোখলেছুর রহমানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
প্রার্থীর নাম ঘোষণা করেন রাজিবপুর উপজেলা জামায়াতের আমির আবুল বাশার মো: আব্দুল লতিফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তৃণমূলের কর্মী সমর্থকদের মতামত এবং চুলচেরা বিশ্লেষণ শেষে যোগ্য প্রার্থী হিসেবে প্রভাষক মোখলেছুর রহমানকে নির্বাচন করা হয়েছে। আমরা আশা করি, জনগণের আস্থা নিয়ে তিনি বিজয় নিশ্চিত করবেন।
রাজিবপুর সদর ইউনিয়ন আমির মাওলানা মফিজুল হক বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রেখে অত্যন্ত পরিকল্পিতভাবে এই নির্বাচন পরিচালনা করা হবে। অন্যদিকে, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি গোলাম মোস্তফা জানান, এলাকার উন্নয়ন ও জনসেবাকে আরও গতিশীল করতেই এক তরুণ ও শিক্ষিত নেতৃত্বকে সামনে আনা হয়েছে।
প্রার্থী প্রভাষক মোখলেছুর রহমান তার অনুভূতি ব্যক্ত করে বলেন,“আমি জনগণের সেবা করতে চাই। রাজিবপুর একটি অবহেলিত ও দরিদ্র উপজেলা। এখানকার অনেক মানুষ এখনো মৌলিক সুবিধা থেকে বঞ্চিত, বিশেষ করে শিক্ষার মান অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। আমি একজন প্রভাষক হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষার সাথে যুক্ত আছি, তাই খুব কাছ থেকে এসব সমস্যা দেখেছি।
আমি বিশ্বাস করি, একটি এলাকার উন্নয়নের মূল চাবিকাঠি হলো শিক্ষা ও সুশাসন। যদি জনগণ আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, তাহলে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, দরিদ্র মানুষের জীবনমান বৃদ্ধি এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে কাজ করবো। আমি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, পুরো রাজিবপুরবাসীর প্রার্থী হতে চাই। সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”