অর্থ আত্মসাতের অভিযোগে আটক ঢাবি ছাত্রদল নেতা, আজীবন বহিষ্কার
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৭:০৮ পিএম
কোটি টাকা আত্মসাতের অভিযোগে আটক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও হাজী মুহাম্মদ মুহসিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য মাহি চৌধুরী অর্ণব। এ ঘটনার পর তাকে সংগঠনের সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মাহি চৌধুরী অর্ণবকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।
সংগঠনটির নেতারা জানিয়েছেন, শৃঙ্খলা রক্ষা ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে এ ধরনের কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।