চাল জব্দের ঘটনায় দলীয় তদন্ত শুরু

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রাজিবপুর ইউপি চেয়ারম্যান মিরনকে বিএনপির শোকজ

মো. সাব্বির মামুন

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০৫:৪৪ পিএম

মিরন মো. ইলিয়াস | ছবি: মফস্বল সংবাদ

কুড়িগ্রামের চর রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক মিরন মো. ইলিয়াসের বিরুদ্ধে সরকারি চাল আত্মসাৎ ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দলীয়ভাবে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

সোমবার (৩০ মার্চ ২০২৬) চর রাজিবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মো. মোখলেছুর রহমান এবং সদস্য সচিব মো. আব্দুল হাই সরকারের স্বাক্ষরিত এক পত্রে এই নোটিশ প্রদান করা হয়।

পত্রে উল্লেখ করা হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত বিশেষ ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে অনিয়ম এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে চেয়ারম্যান মিরন ইলিয়াসের বিরুদ্ধে। এসব অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় পর্যায়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে, যা দলের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে।

এর আগে, গত ২৭ মার্চ রাজিবপুর উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে ইউনিয়ন পরিষদ ভবন থেকে ৭১ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। অভিযোগ রয়েছে, এসব চাল প্রকৃত উপকারভোগীদের মাঝে বিতরণ না করে অনিয়মের মাধ্যমে গোপনে সংরক্ষণ করা হয়েছিল।

নোটিশে আরও বলা হয়, ভারত-বাংলাদেশ যৌথ বর্ডার হাটের ক্রেতা ও বিক্রেতা কার্ড দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগও উঠেছে চেয়ারম্যানের বিরুদ্ধে। এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

বিএনপির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, জনবিরোধী বা অনৈতিক কর্মকাণ্ডের দায়ভার দল বহন করবে না। চেয়ারম্যান মিরন ইলিয়াসকে আগামী ২ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

এদিকে, এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যেও অস্বস্তি বিরাজ করছে। সাধারণ মানুষের নজর এখন ২ এপ্রিলের দিকে-চেয়ারম্যান কী জবাব দেন এবং দল তার বিরুদ্ধে কী চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।

এসএস/আর

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495