তীব্র জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ফজলুর রহমান
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১২:৪৮ এএম
বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে তাকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল (জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল) এ ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
ফজলুর রহমানের ব্যক্তিগত সহকারী এনামুল হক জানান, ভৈরবে তারেক রহমানের জনসভাস্থলে যাওয়ার পথেই তিনি হঠাৎ অসুস্থতা অনুভব করেন। এ সময় তার শরীরে তীব্র জ্বর দেখা দেয় এবং বমি শুরু হয়। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. বাহার উদ্দিন ভূঁইয়া বলেন, ফজলুর রহমান বর্তমানে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছেন। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় তার শ্বাসযন্ত্রে সংক্রমণের আলামত পাওয়া গেছে। ভর্তির সময় তার অক্সিজেন স্যাচুরেশন নেমে এসেছিল ৯৩ শতাংশে।
তিনি আরও জানান, অক্সিজেন সাপোর্ট দেওয়ার পর বর্তমানে তার স্যাচুরেশন ৯৯ থেকে ১০০ শতাংশের মধ্যে রাখা সম্ভব হয়েছে। তবে এখনই তাকে পুরোপুরি শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলমান রয়েছে এবং রিপোর্টের ভিত্তিতে পরবর্তী চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করা হবে।