না ফেরার দেশে ওসমান হাদি
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
রাত ৯টা ৪৪ মিনিটে দেওয়া এক পোস্টে বলা হয়, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহিদ হিসেবে কবুল করেছেন।’ একই সঙ্গে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকেও তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
এর আগে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। তিনি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি খুব কাছ থেকে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসকদের ভাষ্যমতে, গুলি মাথার ডান দিক দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে বের হয়ে গেলেও একটি অংশ তার মস্তিষ্কে রয়ে যায়।
পরবর্তীতে পরিবারের সিদ্ধান্তে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সর্বশেষ সোমবার (১৫ ডিসেম্বর) উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।