দৌলতদিয়ায় পদ্মায় বাস পড়ার ঘটনায় তদন্ত কমিটি, ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১০:৩৪ পিএম

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় কারণ অনুসন্ধান ও দায়-দায়িত্ব নির্ধারণে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

শুক্রবার (৫ জুন) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘটনায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি বাস ফেরি করবীতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। এ দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ দিতে তদন্ত কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ রফিকুল করিমকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। এছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের একজন করে প্রতিনিধি সদস্য হিসেবে থাকবেন। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. জাকির হোসেন।

তদন্ত কমিটিকে দুর্ঘটনার কারণ উদঘাটন, সংশ্লিষ্টদের দায়-দায়িত্ব নির্ধারণ, ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে করণীয় নির্ধারণ এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে কমিটি অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত করতে এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সহায়তা নিতে পারবে।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ফেরিতে যানবাহন ওঠানোর আগে যাত্রীদের নামিয়ে দেওয়ার নিরাপত্তা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করায় এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495