বাংলাদেশিদের নাগরিকত্ব আবেদনে নতুন শর্ত দিল ভারত
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৬:০৯ পিএম
বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় নাগরিকত্ব পাওয়ার নিয়মে নতুন পরিবর্তন এনেছে ভারত সরকার। নতুন বিধান অনুযায়ী, আবেদনকারীদের নিজ দেশের পাসপোর্ট সংক্রান্ত বিশেষ ঘোষণা দিতে হবে। একই নিয়ম পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকদের ক্ষেত্রেও কার্যকর করা হয়েছে।
মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নাগরিকত্ব বিধিমালায় সংশোধন এনে নতুন একটি শর্ত যুক্ত করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীর কাছে বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান সরকারের ইস্যুকৃত বৈধ কিংবা মেয়াদোত্তীর্ণ কোনো পাসপোর্ট থাকা যাবে না।
তবে কোনো আবেদনকারীর কাছে সক্রিয় পাসপোর্ট থাকলে তাকে পাসপোর্ট নম্বর, কোথায় ও কবে ইস্যু হয়েছে এবং মেয়াদ শেষ হওয়ার তারিখসহ বিস্তারিত তথ্য জমা দিতে হবে।
এছাড়া নাগরিকত্ব আবেদন অনুমোদনের ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট ডাক বিভাগের জ্যেষ্ঠ সুপারিনটেনডেন্ট বা সুপারিনটেনডেন্টের কাছে বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট জমা দেওয়ার ঘোষণাও দিতে হবে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির নাগরিকত্ব বিধিমালা ২০০৯-এ এই সংশোধন আনা হয়েছে।