পুলিশের এলিট ফোর্স হিসেবেই থাকছে র্যাব, আসছে নতুন আইন
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৬:৫২ পিএম
র্যাবকে পুলিশের এলিট ফোর্স হিসেবে পরিচালনার জন্য নতুন আইন প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরে বাহিনীটির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভবিষ্যতে র্যাব মানবাধিকার সমুন্নত রেখে দায়িত্ব পালন করবে। বাহিনীটির নাম পরিবর্তন করা হবে কি না, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, কিছু কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে র্যাবের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এর জন্য পুরো প্রতিষ্ঠান দায়ী নয়। ফ্যাসিবাদী শাসনামলে কয়েকজন কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে বাহিনীটির ওপর মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, র্যাব পরিচালনায় নতুন আইন আনা হবে। সেই আইনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।