কুমিল্লাকে বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় করার ঘোষণা প্রধানমন্ত্রীর

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৬:৫৮ পিএম

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেয়, সরকার গঠনের পর তা বাস্তবায়নে কাজ করে। তিনি জানান, কৃষকদের জন্য কৃষি কার্ড, সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড এবং ইমাম ও খতিবদের জন্য ভাতা চালুর মাধ্যমে জনকল্যাণমূলক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার খেলার মাঠ সংলগ্ন এলাকায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চাঁদপুর সফরের পথে কুমিল্লা–চাঁদপুর মহাসড়কের পাশে এ পথসভার আয়োজন করা হয়।

তিনি বলেন, “আমরা শুধু প্রতিশ্রুতি দিইনি, কাজও শুরু করেছি। জনগণের কল্যাণে নেওয়া প্রতিটি উদ্যোগ বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে।”

দেশ পুনর্গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এক হাতে তালি বাজে না। দেশকে এগিয়ে নিতে সরকার ও জনগণকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।”

এ সময় কুমিল্লাকে বিভাগ করার দাবির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, স্থানীয় জনগণের দাবি থাকলে সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। প্রয়োজনীয় যাচাই–বাছাই শেষে কুমিল্লাকে বিভাগ করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

একই সঙ্গে কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণাও দেন তিনি। তার এ ঘোষণায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

পথসভায় স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী নেতা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে কুমিল্লাকে আলাদা প্রশাসনিক বিভাগ করার দাবি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে জোরালো হয়ে উঠেছে। প্রধানমন্ত্রীর এ ঘোষণার পর কুমিল্লাবাসীর মধ্যে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495