ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটিতেও খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৭:১৪ পিএম
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন বৃহস্পতিবার (১৪ মে) জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, এই ছুটি সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে। পাশাপাশি ২৩ মে শনিবার এবং ২৪ মে রোববার অফিস খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে ছুটির আওতার বাইরে থাকবে জরুরি সেবাখাতসমূহ। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা সেবা, টেলিফোন ও ইন্টারনেট এবং ডাক বিভাগ।
এছাড়া হাসপাতাল, জরুরি স্বাস্থ্যসেবা, চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহন স্বাভাবিক কার্যক্রম চালু রাখবে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, জরুরি দায়িত্বে নিয়োজিত বিভিন্ন অফিসও এই ছুটির বাইরে থাকবে। ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক পৃথক নির্দেশনা দেবে এবং আদালতের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট।
অন্যদিকে, বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানার ছুটির বিষয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।