দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৫:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের খণ্ডিত মরদেহ দেশে পৌঁছেছে।

সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণ করে। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মরদেহ হস্তান্তরের সময় জানান, যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো ধরনের গাফিলতি হয়নি এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। হত্যার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।

এদিকে, একই ঘটনায় নিখোঁজ আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। আগামী ৬ মে দুপুর ২টায় টাম্পায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং মিয়ামি কনস্যুলেট যৌথভাবে পুরো বিষয়টি সমন্বয় করছে।

জানা গেছে, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ডক্টরাল শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। প্রায় ১০ দিন পর ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি সেখানে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।

একই দিনে নিখোঁজ হওয়া বৃষ্টির মরদেহের অংশ গত রোববার ফ্লোরিডার আই-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন একটি জলাশয় থেকে উদ্ধার করা হয়।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495