‘পতনের হুমকি দিলে বিরোধীদল থেকে আপনাদের পতন ঘটানো হবে’
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ পিএম
বিরোধী দল সরকার পতনের হুমকি দিলে রাজপথেই তার কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, যদি বিরোধী পক্ষ সরকারকে পতনের হুমকি দেয়, তাহলে রাজনৈতিকভাবে তাদের অবস্থান থেকেই পাল্টা প্রতিক্রিয়ায় তাদেরই পতন ঘটানো হবে ইনশাআল্লাহ।
বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন উপ-স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সরকারের বৈধতা নিয়ে বক্তব্য দিতে গিয়ে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, বর্তমান সরকার কোনো নির্দিষ্ট নির্বাচনের ফল নয়, বরং জনগণের সরাসরি ভোট ও ম্যান্ডেটের ভিত্তিতেই সংসদে এসেছে। তিনি স্পষ্ট করে বলেন, হুমকি-ধমকির মাধ্যমে সরকার পতনের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়।
তিনি অতীত রাজনৈতিক আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, আগে যেভাবে রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হয়েছে, প্রয়োজনে ভবিষ্যতেও সেই রাজনৈতিক পথেই অবস্থান নেওয়া হবে।
বিরোধী দলের ভূমিকা নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, সংসদে তাদের বক্তব্য ইতিবাচক হলেও সংসদের বাইরে কিছু বক্তব্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্থিরতা সৃষ্টি করছে, যা বিভিন্ন ক্যাম্পাসে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটাচ্ছে, যা দুঃখজনক।
তিনি আরও উল্লেখ করেন, জ্বালানি সংকট নিয়ে একটি কার্যকর কমিটি গঠন করা হলেও পরবর্তীতে বিরোধী পক্ষের কিছু বক্তব্য জনগণকে উসকে দিচ্ছে এবং সরকার পতনের হুমকি দেওয়া হচ্ছে।
ইশরাক হোসেন বলেন, দেশের জন্য বিভাজনের রাজনীতি নয়, প্রয়োজন শান্তি ও স্থিতিশীলতার রাজনীতি। তিনি সতর্ক করে বলেন, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে পলাতক ফ্যাসিবাদী শক্তির সহযোগীরা সুযোগ নিতে পারে, যা দেশের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।