বনানীতে প্রতিমন্ত্রী শামা ওবায়েদের গাড়িতে ধাক্কা, বাসচালক আটক
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পিএম
রাজধানীর বনানী এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে বহনকারী গাড়ির সঙ্গে একটি মিনিবাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মিনিবাসের চালক ওমর ফারুককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান। তিনি জানান, মঙ্গলবার রাত প্রায় ৯টা ৫০ মিনিটে বনানীর বীর উত্তম জিয়াউর রহমান সড়কের আউটগোয়িং লেনে চেয়ারম্যান বাড়ি এলাকার পায়ে চলা সেতুর নিচে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, ওই সময় ট্রাস্ট পরিবহনের একটি মিনিবাস প্রতিমন্ত্রীর গাড়িকে ধাক্কা দেয়। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মিনিবাস চালককে হেফাজতে নেন।
এ ঘটনায় প্রতিমন্ত্রীর নিরাপত্তা কর্মী বাদী হয়ে বনানী থানায় একটি মামলা দায়ের করেছেন।