বিরোধী দলের অনেকেই আমাকে ‘ফজা পাগলা’ সম্বোধন করে: ফজলুর রহমান
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৯:২০ পিএম
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান জানিয়েছেন, বিরোধী দলের অনেক সদস্য তাকে ‘ফজা পাগলা’ বলে সম্বোধন করে থাকেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বক্তব্যের এক পর্যায়ে ফজলুর রহমান বলেন, কোনো মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য কখনো জামায়াতে ইসলামী করতে পারে না। তিনি বিরোধীদলীয় নেতা ও দলটির আমিরকে ইঙ্গিত করে এ মন্তব্য করেন।
তার এই বক্তব্যের পরপরই সংসদ কক্ষে বিরোধী সদস্যদের মধ্যে হট্টগোল শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পিকার হস্তক্ষেপ করেন।
হট্টগোল চলাকালেই ফজলুর রহমান আবারও বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের হয়েও কেউ যদি জামায়াতের সঙ্গে যুক্ত থাকে, সেটি দ্বিগুণ অপরাধ হিসেবে বিবেচিত হওয়া উচিত।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনো আন্দোলনের তুলনা করা হলে তা মুক্তিযুদ্ধকে খাটো করে। এমন তুলনায় তিনি ব্যক্তিগতভাবে কষ্ট পান বলেও জানান।
ফজলুর রহমান উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এবং পরে জামায়াতের আমির নিজেকে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন।
বক্তব্যে তিনি বলেন, এই বাংলায় যেমন ফুল ফোটে, তেমনি রক্তও ঝরে। দেশে যেমন কোকিলের সুর শোনা যায়, তেমনি বাঘও রয়েছে। যতদিন বাঘ থাকবে, ততদিন মুক্তিযোদ্ধারাই বিজয়ী হবে রাজাকারদের জয় কখনো সম্ভব নয় বলে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।
তিনি বলেন, তার বক্তব্যের পর বিরোধীরা নিজেদের মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করলেও তারাই তাকে ‘ফজা পাগলা’ বলে সম্বোধন করেন।
ফজলুর রহমান আরও বলেন, কেউ যদি নিজেকে মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের সদস্য দাবি করে আবার জামায়াতের রাজনীতি করে, তবে তা গুরুতর অপরাধ।
৫ আগস্ট পরবর্তী পরিস্থিতি তুলে ধরে তিনি অভিযোগ করেন, সে সময় দেশের সাংস্কৃতিক কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছিল। গান, নাটক বা লালন সংগীতের অনুষ্ঠান পর্যন্ত বন্ধ হয়ে যায় এবং কিছু গোষ্ঠী মুক্তিযুদ্ধের অস্তিত্ব নিয়েও প্রশ্ন তোলে।
নিজের জীবনের ঝুঁকির প্রসঙ্গ টেনে তিনি বলেন, একসময় তার বাড়ির সামনে তাকে হত্যার উদ্দেশ্যে একটি উচ্ছৃঙ্খল দল জড়ো হয়েছিল। পরে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী এসে তাকে উদ্ধার করে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নানা ষড়যন্ত্রের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং বিরোধীরা এ নিয়ে অপপ্রচার চালিয়েছে।
সবশেষে তিনি বলেন, ইতিহাস সাক্ষ্য দেয় যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তারা কখনো সফল হয়নি এবং ভবিষ্যতেও হবে না।