জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পিএম
পুলিশসহ দেশের বিভিন্ন জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর আরোপিত জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দুই দিন আগেই এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর উত্থাপিত পয়েন্ট অব অর্ডারের জবাবে এ তথ্য জানান প্রধানমন্ত্রী।
সংসদে কুমিল্লার এক শুল্ক কর্মকর্তার হত্যাকাণ্ড এবং পুলিশের টহল কমে যাওয়ার পেছনে জ্বালানি সংকট ও রেশনিংয়ের বিষয়টি তুলে ধরা হলে এ বিষয়ে বক্তব্য দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সংসদ সদস্যের উত্থাপিত উদ্বেগ সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। পুলিশ, অ্যাম্বুল্যান্স ও ফায়ার সার্ভিসসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর যে জ্বালানি সীমাবদ্ধতা ছিল, তা ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। দুই দিন আগেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হয়েছে।
তিনি আরও বলেন, এ সিদ্ধান্তের ফলে আইনশৃঙ্খলা রক্ষায় আর কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকবে না বলে আশা করছে সরকার।