প্রতি কিলোমিটারে বাড়লো বাসের ভাড়া
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০১:০১ পিএম
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে গণপরিবহনে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে।
ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে এখন নির্ধারণ করা হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। অন্যদিকে দূরপাল্লার রুটে বাসভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ২ টাকা ২৩ পয়সা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে নতুন এ ভাড়ার ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
এর আগে গত ১৮ এপ্রিল সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়। এতে প্রতি লিটার ডিজেলের দাম ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা এবং কেরোসিন ১৮ টাকা পর্যন্ত বাড়ানো হয়। নতুন এ মূল্য ১৯ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হয়।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরপরই গণপরিবহনের ভাড়া বাড়ানোর দাবি তোলে মালিক ও শ্রমিকরা। এর আগে একই কারণে ২০২২ সালেও বাসভাড়া বৃদ্ধি করা হয়েছিল।