তেল নিয়ে সুখবর, ভারত থেকে পাইপলাইনে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৭ পিএম
ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর পদ্মা অয়েল ডিপোতে প্রবাহিত হওয়া শুরু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিপোর সরকারি ব্যবস্থাপক মো. আহসান হাবীব চৌধুরী।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল থেকেই পার্বতীপুর রেলহেড ডিপোতে ডিজেল পৌঁছানো শুরু হয়, যা পর্যায়ক্রমে ডিপোতে সংরক্ষণ করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সর্বশেষ ১৪ এপ্রিল ভারতের নুমালীগড় থেকে পাইপলাইনের মাধ্যমে ৮ হাজার মেট্রিক টন ডিজেল এসেছে। এর আগে মার্চ মাসে এসেছে ২২ হাজার মেট্রিক টন। ফলে মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত মোট ৩০ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ পেয়েছে পার্বতীপুর ডিপো।
ডিপো কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে আসা ৫ হাজার মেট্রিক টন ডিজেল পৌঁছাতে প্রায় ৫০ ঘণ্টা সময় লাগবে। এই চালান শেষ হওয়ার পর আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল ভারত থেকে আসার কথা রয়েছে।
দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এবং মজুত স্থিতিশীল রাখতে সরকার পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি অব্যাহত রেখেছে।
উল্লেখ্য, গত ১১ মার্চ প্রথমবারের মতো বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুরে ৫ হাজার মেট্রিক টন ডিজেল পৌঁছায়। জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখতে শুক্রবার ছুটির দিনেও ডিপো খোলা রাখা হয়েছে।
চলতি এপ্রিল মাসে মোট ৫ ধাপে ৩০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।