ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা ঢাকার
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১১:৪৪ এএম
লেবাননে ইসরায়েলি বাহিনীর ব্যাপক বিমান হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে বৈরুত শহরে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী কর্মী দিপালীর মৃত্যুতে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার (১১ এপ্রিল) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এ নিন্দা ও শোক জানানো হয়।
মন্ত্রণালয়ের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্টে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ লেবাননে সাম্প্রতিক ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। এসব হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটছে, যা অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে।
বিবৃতিতে আরও জানানো হয়, বৈরুতে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নাগরিক মিস দিপালীর মৃত্যুর ঘটনায় সরকার গভীর শোক ও নিন্দা প্রকাশ করেছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে কঠিন এই সময়ে সরকারের পক্ষ থেকে তাদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।
এতে বলা হয়, বৈরুতে বাংলাদেশ দূতাবাস নিহত দিপালীর পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। পরিস্থিতি অনুকূল হলে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত বুধবার লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বোমা হামলায় দিপালী নামে এক প্রবাসী বাংলাদেশি নারী নিহত হন। তিনি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ এলাকার শেখ মোফাজ্জলের মেয়ে।