যুক্তরাজ্যে প্রেস মিনিস্টার পদ থেকে আকবর হোসেনের পদত্যাগ
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১০:২৭ এএম
যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেছেন আকবর হোসেন। অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের নভেম্বরে তাকে এ পদে নিয়োগ দিয়েছিল।
শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
পোস্টে আকবর হোসেন জানান, ব্যক্তিগত ও পারিবারিক কারণে লন্ডনে দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এ কারণেই তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, তার এ সিদ্ধান্তের সঙ্গে অন্য কোনো বিষয়ের সম্পর্ক নেই।
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চুক্তিভিত্তিক এ নিয়োগের মেয়াদ দুই বছর। পাশাপাশি নিয়োগপ্রাপ্তদের অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করে দায়িত্ব গ্রহণের শর্তও নির্ধারণ করা হয়েছিল।