জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য সংসদে পুনর্বাসন বিল পাস
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১০:১০ পিএম
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধা ও শহীদ পরিবারের কল্যাণে গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ হিসেবে পুনর্বাসন অধ্যাদেশ বিল-২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে সংসদ অধিবেশনে এ বিল উত্থাপন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
মন্ত্রী জানান, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও অংশগ্রহণকারী যোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি এ আন্দোলনের মর্মবাণী ও আদর্শকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করাই এই বিলের মূল লক্ষ্য। একই সঙ্গে ঐতিহাসিক এই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণেও বিলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।
পরবর্তীতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিলটি ভোটের জন্য উপস্থাপন করলে উপস্থিত সংসদ সদস্যরা কণ্ঠভোটে ‘হ্যাঁ’ বলে এর পক্ষে মত দেন। এর মাধ্যমে বিলটি সর্বসম্মতিক্রমে পাস হয়।