প্রাথমিকের ২ লক্ষ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে: সংসদে প্রধানমন্ত্রী
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০১:১৬ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, চলতি অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লক্ষ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে। তিনি এই ঘোষণা দিয়েছেন বুধবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজা এর প্রশ্নের জবাবে।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে এবং একটি গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর। নির্বাচনী ইশতেহারে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে।
তিনি আরও জানান, সকল উপজেলায় পর্যায়ক্রমে স্কুল ড্রেস বিতরণ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণে স্কুল ফিডিং/মিড-ডে মিল চালুর উদ্যোগ নেওয়া হবে।
নির্বাচনী ইশতেহারে নতুন প্রজন্মকে বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং ডিজিটাল বৈষম্য কমাতে ১৫০০টি প্রতিষ্ঠানসহ শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াই-ফাই সংযোগ ও ‘এডু-আইডি’ প্রদানের উদ্যোগ নেওয়া হবে।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, দেশের সব উপজেলায় টেকনিক্যাল স্কুল, কলেজ এবং পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের পাশাপাশি মাদ্রাসা শিক্ষা আধুনিকায়ন করা হবে। এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, পাইথন প্রোগ্রামিং ও ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ আগামী ছয় মাসের মধ্যে বিসিসি দ্বারা চালু করা হবে।