তরুণদের সুরক্ষায় ই-সিগারেট ও বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পিএম

ছবি: সংগৃহীত

তামাক নিয়ন্ত্রণ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ থেকে ই-সিগারেট এবং বিক্রয়স্থলে (পয়েন্ট অব সেল) তামাকজাত দ্রব্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বাদ দেওয়ার সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় তামাকবিরোধী সংগঠনগুলো। বুধবার (১ এপ্রিল ২০২৬) এক যৌথ বিবৃতিতে তারা এই ধারাগুলো পুনরায় অন্তর্ভুক্ত করার দাবি জানায়।

 

সংগঠনগুলো জানায়, গবেষণায় প্রমাণিত যে ই-সিগারেটের মতো ইমার্জিং টোব্যাকো প্রোডাক্ট জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এটি তরুণদের নিকোটিন আসক্তির অন্যতম মাধ্যম বা ‘গেটওয়ে’ হিসেবে কাজ করে। একইভাবে, বিক্রয়স্থলে তামাকজাত দ্রব্যের আকর্ষণীয় প্রদর্শন শিশু ও কিশোর-কিশোরীদের তামাক ব্যবহারে প্রলুব্ধ করে। এই দুটি ধারা বাদ দিলে তামাক নিয়ন্ত্রণে দেশের অগ্রগতি বাধাগ্রস্ত হবে এবং তামাক কোম্পানিগুলোর বিপণন আরও আগ্রাসী হবে।

 

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান বলেন, “ধারা দুটি অবিলম্বে পুনরায় যুক্ত করার জন্য আমরা সরকার এবং সংসদকে আহ্বান জানাচ্ছি। জনস্বাস্থ্য এবং তরুণদের নিকোটিন আসক্তি থেকে সুরক্ষার বিষয়টি অবশ্যই সংকীর্ণ মুনাফা স্বার্থের ঊর্ধ্বে রাখতে হবে।” তামাক নিয়ন্ত্রণ শক্তিশালীকরণের বিষয়ে রাজনৈতিক প্রতিশ্রুতি ও নির্বাচনী ইশতেহারের সঙ্গেও এই সিদ্ধান্ত সাংঘর্ষিক বলে তিনি উল্লেখ করেন।

 

বিবৃতিতে তামাকের কারণে বাংলাদেশে বছরে প্রায় ২ লক্ষ মানুষের মৃত্যুর তথ্য তুলে ধরা হয়। এছাড়া তামাক ব্যবহার ও উৎপাদনে স্বাস্থ্য ও পরিবেশের বার্ষিক ক্ষতির পরিমাণ প্রায় ৮৭ হাজার কোটি টাকা, যা তামাক খাত থেকে অর্জিত রাজস্বের তুলনায় দ্বিগুণেরও বেশি। বর্তমানে দেশে ৩৫.৩ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করছেন।

 

এই যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী সংগঠনগুলো হলো—অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা), ঢাকা আহছানিয়া মিশন, ডরপ, নারী মৈত্রী, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, পিপিআরসি, তাবিনাজ এবং প্রজ্ঞা। তারা অবিলম্বে শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকর করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495