জ্বালানি সংকটে গাইবান্ধায় ৫ শতাধিক বাইক চালকের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০১:৪৪ পিএম
গাইবান্ধায় টানা তিনদিন ধরে জ্বালানি তেল না পেয়ে ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ ও মোটরসাইকেল চালকরা। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে প্রায় পাঁচ শতাধিক চালক গাইবান্ধার প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এর ফলে ওই এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
বিক্ষোভকারীদের অভিযোগ, স্থানীয় ‘রহমান অ্যান্ড পেট্রোল পাম্প’ কর্তৃপক্ষ ইঞ্জিন নষ্ট হওয়ার অজুহাত দেখিয়ে গত কয়েকদিন ধরে তেল বিক্রি বন্ধ রেখেছে। তেলের দাবিতে সোমবার রাত থেকেই পাম্পের সামনে অবস্থান নেন কয়েক শ চালক। দীর্ঘ অপেক্ষায় কোনো সমাধান না পেয়ে আজ সকালে তারা বাধ্য হয়ে সড়ক অবরোধে নামেন। এ সময় দ্রুত তেল সরবরাহ নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন বিক্ষুব্ধ চালকরা।
সারাদেশে অবৈধ মজুতের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান:
এদিকে দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট ও অবৈধ মজুতের বিরুদ্ধে বড় ধরনের সফলতা পেয়েছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, গত ৩ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত সারাদেশে মোট ৩ হাজার ১৬৮টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে মোট ২ লাখ ৮ হাজার ৬৫০ লিটার অবৈধ জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।
জব্দকৃত তেলের মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৯৬৫ লিটার ডিজেল, ২২ হাজার ৫৩৯ লিটার অকটেন এবং ৪৬ হাজার ১৪৬ লিটার পেট্রোল রয়েছে। এ সময় অবৈধ মজুতের দায়ে ১ হাজার ৫৩টি মামলা, ১৬ জনকে কারাদণ্ড এবং মোট ৭৫ লাখ ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানান, অবৈধ মজুত ও পাচার রোধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে। তিনি আরও জানান, আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে নিয়মিত মাসিক মূল্য সমন্বয় নীতির অংশ হিসেবে আজ মঙ্গলবার (৩১ মার্চ) জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করা হবে। সরকারের এই পদক্ষেপের ফলে বাজারে স্বচ্ছতা ফিরবে এবং সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল হবে বলে আশা করা হচ্ছে।