আড়াইশ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি, সাকিবসহ ১৫ জনের নথি জব্দ
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৬:৫৬ পিএম
পুঁজিবাজারে আলোচিত আড়াইশ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারির ঘটনায় ক্রিকেটার সাকিব আল হাসানসহ ১৫ আসামির বিভিন্ন নথিপত্র জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে তদন্তসংক্রান্ত প্রতিবেদন ও প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেন দুদকের তদন্ত কর্মকর্তা। শেয়ারবাজার কারসাজির ঘটনায় চলমান তদন্তের অংশ হিসেবে এসব নথি জব্দ করা হয়েছে।
গত বছরের জুনে দায়ের করা মামলায় দুদক অভিযোগ করে, সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে সাকিব আল হাসান ও তার সহযোগীরা প্রায় ২৫৬ কোটি টাকা আত্মসাৎ করেছেন। এর মধ্যে সাকিবের বিরুদ্ধে সরাসরি ২ কোটি ৯৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
মামলার তথ্য অনুযায়ী, আলোচিত কারসাজিকারী আবুল খায়ের হিরুর মাধ্যমে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি, ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি এবং সোনালী পেপারসের শেয়ারে বিনিয়োগ করেছিলেন সাকিব আল হাসান।
অভিযোগে বলা হয়, পরে তিনি বাজার কারসাজিতে সক্রিয়ভাবে যুক্ত হয়ে সাধারণ বিনিয়োগকারীদের বিভ্রান্ত ও প্রলুব্ধ করেন। এছাড়া তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগেও তথ্য-প্রমাণ সংগ্রহ করছে দুদক।
এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান বলেন, শেয়ারবাজারে কারসাজির অভিযোগ নিয়ে অনেক আলোচনা হলেও এখন পর্যন্ত কেউ নির্দিষ্টভাবে কিছু প্রমাণ করতে পারেনি। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে থাকা রাজনৈতিক মামলা ও হত্যা মামলাতেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দৃশ্যমান অগ্রগতি নেই।
চেক ডিজঅনার মামলার বিষয়ে সাকিব বলেন, এটি ব্যাংকিং প্রক্রিয়ার একটি সাধারণ বিষয় এবং কিস্তি পরিশোধ বা পুনঃতফসিলের মাধ্যমে সমাধান সম্ভব। তবে তার ব্যাংক হিসাব জব্দ থাকায় সেটিও করতে পারছেন না বলে জানান তিনি।
সাকিবের ভাষ্য, তদন্তের স্বার্থে হিসাব জব্দ করা হলেও দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পরও কোনো প্রমাণ পাওয়া যায়নি। দ্রুত তদন্ত শেষ করে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া এবং অভিযোগ না মিললে অব্যাহতি দেওয়ার দাবি জানান তিনি।