দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৪:১৮ পিএম
১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (৩ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন। একইসঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৩ মে তারিখ নির্ধারণ করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, মামলায় দুদকের পক্ষে আইনজীবী মীর আহমেদ আলী সালাম অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। তবে আসামি পলাতক থাকায় তার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
এর আগে চলতি বছরের ৮ মার্চ আদালত অভিযোগপত্র গ্রহণ করে বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
২০২৪ সালের ১৫ ডিসেম্বর দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। তদন্ত শেষে ৩০ নভেম্বর তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে অভিযোগপত্র দাখিল করা হয়।
অভিযোগপত্রে বলা হয়েছে, বেনজীর আহমেদ তার সম্পদ বিবরণীতে স্থাবর ও অস্থাবর মিলিয়ে প্রায় ১২ কোটি টাকার সম্পদের ঘোষণা দিলেও তদন্তে তার নামে প্রায় ১৫ কোটি ৬৮ লাখ টাকার সম্পদের প্রমাণ পাওয়া যায়।
তদন্তে আরও উঠে আসে, বৈধ আয়ের উৎসের তুলনায় তার ১১ কোটি ৪ লাখ টাকার বেশি সম্পদ জ্ঞাত আয়বহির্ভূতভাবে অর্জিত হয়েছে। এছাড়া এসব অর্থ বিভিন্ন ব্যাংক হিসাব, ব্যবসা প্রতিষ্ঠান ও যৌথ মূলধনী প্রতিষ্ঠানে বিনিয়োগ, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে গোপন করা হয়েছে বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়।