পথচারীকে মারধর, মনিকা কবিরকে লিগ্যাল নোটিশ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১০:৫৯ পিএম
রাজধানীর গুলশান এলাকায় এক পথচারীকে মারধরের ঘটনায় বিতর্কিত রুশ–বাংলা মডেল ও কনটেন্ট নির্মাতা মনিকা কবিরকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১১ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস ডাকযোগে এই নোটিশ পাঠান।
নোটিশে মনিকা কবিরকে অবিলম্বে এ ধরনের অশালীন কনটেন্ট তৈরি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিতর্কিত ভিডিওটি অপসারণ করার কথাও বলা হয়েছে। পাশাপাশি বাংলাদেশে তার অবস্থান, ওয়ার্ক পারমিট এবং বৈধ ভিসা রয়েছে কি না—সেসব তথ্য উপস্থাপনেরও নির্দেশ দেওয়া হয়েছে।
লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে ঢাকা মেট্রোপলিটন অধ্যাদেশ ১৯৭৬, সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এবং বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
গত মঙ্গলবার (১০ মার্চ) গুলশান এলাকায় এক পথচারীকে মারধরের অভিযোগ ওঠে মনিকা কবিরের বিরুদ্ধে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ভিডিও ধারণ করার সময় এক পথচারী তার দিকে তাকালে তিনি ক্ষিপ্ত হয়ে তাকে মারধর শুরু করেন। এরপর হাসিমুখে ক্যামেরার দিকে উড়ন্ত চুমুও দিতে দেখা যায় তাকে। ঘটনার পর ভিডিওটি নিজেই ফেসবুকে প্রকাশ করেন তিনি।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। নেটিজেনদের অনেকেই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং মনিকা কবিরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। অনেকের অভিযোগ, শুধুমাত্র ভাইরাল হওয়ার উদ্দেশ্যেই ভিডিওটি প্রকাশ করা হয়েছে। স্থানীয় সূত্রগুলো বলছে, ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা যাচাই করে শিগগিরই প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে পারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।