‘মাদ্রাসা ছাত্ররা ভালোভাবে কোরআন শেখেনি বলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে পারছি না’
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পিএম
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, মাদরাসা থেকে ছাত্ররা পাস করে বের হচ্ছেন। ভালোভাবে কোরআন শেখেনি বলেই আজকে আমরা ধর্মীয় শিক্ষক পদে নিয়োগ দিতে পারছিনা। কওমি শিক্ষার্থীদের সেই ইকুইভ্যালেন্ট ডিগ্রি নেই। আমরা সেই জায়গায় ৯ হাজার শিক্ষক পদ খালি থাকার পরেও আমরা নিয়োগ দিতে পারছিনা।
বুধবার (১৫ এপ্রিল) সিলেট অঞ্চলের এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সিলেট সরকারি মহিলা কলেজে আয়োজিত এ সভায় শিক্ষামন্ত্রী জানান, প্রায় ৯ হাজার শিক্ষক পদ শূন্য থাকলেও যোগ্য প্রার্থীর অভাবে সেগুলো পূরণ করা যাচ্ছে না।
তিনি বলেন, এ সমস্যা হঠাৎ সৃষ্টি হয়নি; দীর্ঘদিনের নানা সীমাবদ্ধতার ফল এটি। বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার মৌলিক পরিবর্তনে কাজ করে যাচ্ছে এবং প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছিলেন। সে সময় শিক্ষকদের জন্য এমপিও চালুর মতো পদক্ষেপ নেওয়া হয়েছিল, যা শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলেছিল।
তিনি উল্লেখ করেন, পরবর্তীকালে বেগম খালেদা জিয়ার সময়েও শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। তবে সেই ধারাবাহিকতা বজায় থাকলে বর্তমানে শিক্ষাক্ষেত্রে এমন সংকট তৈরি হতো না বলে মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষার ঘাটতি রয়েছে। পুঁথিগত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার ওপর গুরুত্ব বাড়াতে স্কুল-কলেজে এ ধরনের শিক্ষা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছিল।