সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১২:০০ পিএম
সারা দেশে আজ থেকে শুরু হয়েছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ পরীক্ষার প্রথম দিনে বাংলা বিষয়ের পরীক্ষা চলছে, যা শেষ হবে দুপুর ১২টা ৩০ মিনিটে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘোষিত সময়সূচি অনুযায়ী, ধারাবাহিকভাবে কয়েকদিন ধরে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় পরীক্ষার সূচি অনুমোদন করা হয়। পরে অধিদপ্তরের পক্ষ থেকে বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়।
নির্ধারিত সূচি অনুযায়ী, ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে পরীক্ষা চলবে আড়াই ঘণ্টা।
অন্যদিকে, দেশের তিন পার্বত্য জেলা—রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ভিন্ন সূচিতে বৃত্তি পরীক্ষা নেওয়া হচ্ছে। এসব জেলায় ১৭ এপ্রিল প্রাথমিক গণিত পরীক্ষার মাধ্যমে কার্যক্রম শুরু হবে। এরপর ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান, ১৯ এপ্রিল বাংলা এবং ২০ এপ্রিল ইংরেজি পরীক্ষার মধ্য দিয়ে সেখানে পরীক্ষা শেষ হবে।
এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।