মাদরাসা শিক্ষকদের জন্য বড় সুখবর

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পিএম

ছবি: সংগৃহীত

বেসরকারি এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক ও কর্মচারীদের জন্য এলো স্বস্তির খবর। এপ্রিল ২০২৬ মাসের বৈশাখী ভাতার চেক ছাড় করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। নির্ধারিত নিয়ম অনুযায়ী, মূল বেতনের ২০ শতাংশ হারে এ ভাতা প্রদান করা হচ্ছে।

সোমবার (১৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন অধিদপ্তরের উপপরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিদপ্তরের আওতাধীন বেসরকারি মাদরাসাগুলোর শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা বাবদ চারটি চেক ইতোমধ্যে বণ্টনকারী ব্যাংকগুলোর কাছে পাঠানো হয়েছে। নির্ধারিত স্মারক অনুযায়ী অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে এসব চেক হস্তান্তর করা হয়েছে।

এতে আরও বলা হয়, আগামী ১৪ এপ্রিলের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে শিক্ষক ও কর্মচারীরা তাদের বৈশাখী ভাতার অর্থ উত্তোলন করতে পারবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে বেসরকারি এমপিওভুক্ত মাদরাসার সংখ্যা ৮ হাজার ২২৯টি। এর মধ্যে দাখিল পর্যায়ের মাদরাসা রয়েছে ৫ হাজার ৭৬৭টি, আলিম পর্যায়ের ১ হাজার ২৮৫টি, ফাজিল পর্যায়ের ৯৯৩টি এবং কামিল পর্যায়ের ১৮৪টি। এসব প্রতিষ্ঠানে প্রায় ১ লাখ ২০ হাজার শিক্ষক ও কর্মচারী কর্মরত আছেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495