শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৮:১৯ পিএম

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে মন্ত্রী বা অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ বলে কঠোর নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ভবিষ্যতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের রোদে বা সড়কের পাশে দাঁড় করিয়ে সংবর্ধনার আয়োজন করতে পারবে না।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে যাওয়ার পথে শিক্ষার্থীদের সড়কের পাশে দাঁড়িয়ে তাকে সংবর্ধনা জানাতে দেখে তিনি তাৎক্ষণিকভাবে অসন্তোষ প্রকাশ করেন।

শিক্ষামন্ত্রী বলেন, তিনি একজন সাধারণ মানুষের মতোই চলাফেরা করতে চান। তার জন্য কোনো শিক্ষার্থীকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে না। কোনো শিক্ষক যেন তার আগমনের কারণে শিক্ষার্থীদের রোদে বা সড়কের পাশে দাঁড় করিয়ে না রাখেন—এ নির্দেশনাও দেন তিনি।

তিনি আরও বলেন, তিনি যেখানেই যাবেন সেখানে যদি কোনো শিক্ষক বা শিক্ষার্থীকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়, সেটি মোটেও গ্রহণযোগ্য হবে না। শিক্ষার্থীদের কষ্ট দিয়ে কোনো ধরনের সংবর্ধনা বা শুভেচ্ছা আয়োজনের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তাদের দ্রুত ছুটি দিয়ে বাড়িতে পাঠিয়ে দিতে হবে। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, ভবিষ্যতে তাদের রোদের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে শুভেচ্ছা জানানোর প্রয়োজন নেই। তিনি নিজেই বিভিন্ন স্কুলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করবেন।

পরে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদিন স্বপন, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বোরহান উদ্দিনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495