ভারত থেকে পাইপলাইনে এলো আরও ৭ হাজার টন ডিজেল
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ পিএম
ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে দেশে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল এসেছে। ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে সরবরাহ করা এই জ্বালানি দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে পৌঁছেছে।
ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পাঠানো এ চালান পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশনস) কাজী মো. রবিউল আলম।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে পাইপলাইনের মাধ্যমে ডিজেল পরিবহন সম্পন্ন হয়। এর আগে সোমবার রাত সাড়ে ৮টা থেকে নুমালিগড় রিফাইনারি থেকে পার্বতীপুর রিসিপ্ট টার্মিনালের উদ্দেশ্যে পাম্পিং কার্যক্রম শুরু হয়েছিল।
এই চালানসহ চলতি মাসে পাইপলাইনের মাধ্যমে মোট ২০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি সম্পন্ন হয়েছে। আর চলতি বছরে এ পর্যন্ত মোট আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৪২ হাজার মেট্রিক টন। আগামী ২৬ ও ২৭ মার্চ আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এপ্রিল মাসে চারটি চালানের মাধ্যমে মোট ৪০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১১ এপ্রিল ৮ হাজার টন, ১৯ এপ্রিল ৫ হাজার টন এবং ২৩ এপ্রিল ৭ হাজার টন ডিজেল ইতোমধ্যে দেশে এসেছে।
এর আগে মার্চ মাস পর্যন্ত চারটি চালানে ভারত থেকে মোট ২২ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়।
ভারতের আসামে অবস্থিত নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুরে রেলহেড অয়েল ডিপোর রিসিপ্ট টার্মিনালে এই জ্বালানি পৌঁছায়। পরে সেখান থেকে পদ্মা, মেঘনা ও যমুনা তেল কোম্পানির মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়।
উত্তরাঞ্চলের জেলাগুলোতে সারা বছর নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে এই পাইপলাইন ব্যবস্থার মাধ্যমে সরাসরি ডিজেল আনা হচ্ছে। ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে ১৩১ দশমিক ৫৭ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ পাইপলাইন নির্মাণ কাজ শুরু হয়।
পরবর্তীতে ২০২৩ সালের ১৮ মার্চ আনুষ্ঠানিকভাবে এই পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল আমদানি কার্যক্রম শুরু হয়। দুই দেশের চুক্তি অনুযায়ী, ভারত আগামী ১৫ বছর ডিজেল সরবরাহ করবে এবং বছরে ২ থেকে ৩ লাখ টন জ্বালানি আমদানির সুযোগ থাকবে। প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে এ পরিমাণ বাড়ানো সম্ভব বলে জানা গেছে।