মহাখালীতে ইউনিভার্সেল মেডিকেলে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ, মামলার প্রস্তুতি

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পিএম

রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় ও অতিরিক্ত মাত্রার (ওভারডোজ) অ্যান্টিবায়োটিক প্রয়োগে চার বছর ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত শিশুটির নাম আভান। তার বাবা মৃদুল ইসলাম পেশায় একজন গণমাধ্যমকর্মী।

স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসা, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের সরাসরি অনুপস্থিতি এবং চরম অবহেলার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে পরিবার।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর জ্বর ও পেটে ব্যথা নিয়ে শিশু আভানকে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা শিশুটিকে ডেঙ্গু রোগী হিসেবে সন্দেহ করে সেই অনুযায়ী চিকিৎসা চালিয়ে যান। অথচ হাসপাতালে করানো একাধিক মেডিকেল পরীক্ষায় বারবারই ডেঙ্গু রিপোর্ট ‘নেগেটিভ’ আসে। নেগেটিভ রিপোর্ট আসার পরও ভুল লাইন ধরে চিকিৎসা অব্যাহত রাখা হয় বলে পরিবারের দাবি।

পরবর্তীতে গত ২ অক্টোবর কোনো সুস্পষ্ট বা যৌক্তিক কারণ ব্যাখ্যা না করেই শিশুটিকে হঠাৎ নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। আইসিইউতে নেওয়ার পরও সেখানে দায়িত্বপ্রাপ্ত মূল বিশেষজ্ঞ চিকিৎসক সশরীরে উপস্থিত ছিলেন না। তিনি মূলত টেলিফোনের মাধ্যমে দিকনির্দেশনা দিচ্ছিলেন এবং সেভাবেই শিশুটির চিকিৎসা চলছিল। ফলে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। হাসপাতাল কর্তৃপক্ষ বারবার শিশুটির অবস্থা উন্নতির দিকে বলে মিথ্যা আশ্বাস দিলেও আজ ৩ অক্টোবর বিকেল আনুমানিক ৫টার দিকে শিশুটি মারা যায়।

পরিবারের জোরালো অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় শিশুটিকে অতিরিক্ত মাত্রার (ওভারডোজ) অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয়েছিল। এর ফলেই সে মারাত্মক ‘শক সিন্ড্রোম’-এ আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। নিজেদের ভুলের দায় এড়াতে হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে চিকিৎসার কেস সামারিসহ প্রয়োজনীয় মেডিকেল রিপোর্টগুলো পরিবারের কাছে দিতে অস্বীকৃতি জানায়। পরে স্বজনরা চাপ প্রয়োগ করে রিপোর্টগুলো সংগ্রহ করেন। সেই মেডিকেল নথিপত্রে শিশুটির রক্তে ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং শক সিন্ড্রোমের তথ্য উঠে আসে, যা পরিবারের ভুল চিকিৎসার সন্দেহের ভিত্তিকেই জোরালো করছে।

হাসপাতাল থেকে মরদেহ নিয়ে স্বজনরা ইতিমধ্যে তাদের গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এই অপচিকিৎসা ও অবহেলার সঙ্গে জড়িত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন শোকাহত স্বজনরা।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495