মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের হোতা ‘এলেক্স ইমনকে’ কুপিয়ে হত্যা

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১২:৪১ এএম

ছবি: সংগৃহীত

ঢাকার মোহাম্মদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কিশোর গ্যাংয়ের হোতা ইমন ওরফে এলেক্স ইমন নিহত হয়েছেন। রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে বুদ্ধিজীবী সড়কের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ‘এলেক্স ইমন গ্রুপ’ ও ‘আরমান-শাহরুখ গ্রুপের’ মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় রবিবার বিকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ইমনকে গুরুতর আহত করে।

পরে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সময়ই ইমনকে ছুরিকাঘাত করা হয়।

ঘটনার পরপরই অভিযান চালিয়ে মো. সাইফ (২৩), তুহিন (২০) ও মো. রাব্বি কাজী (২৫) নামে তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে তিনটি চাপাতি, একটি কাটার ও একটি স্টিলের পাত উদ্ধার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, নিহত ইমন রায়েরবাজার এলাকার একটি চিহ্নিত কিশোর গ্যাংয়ের নেতা ছিলেন। তার বিরুদ্ধে ছিনতাই ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

এদিকে, একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সংঘর্ষের সময় একদল অস্ত্র হাতে আরেক দলকে ধাওয়া করছে। ওই সময় ইমন মাটিতে পড়ে গেলে প্রতিপক্ষ তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে।

পুলিশের ভাষ্য, হামলায় ইমনের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495